টংকাবতী তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার, জোর দিলেন নিরাপত্তা ও শৃঙ্খলায়
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান সদর থানাধীন টংকাবতী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা ঘুরে দেখেন। এ সময় সেখানে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, চিকিৎসা সুবিধা ও বিশুদ্ধ পানির ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কেন্দ্রের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।
পুলিশ সুপার বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে টংকাবতী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে