রাজশাহীতে যুবদলের উদ্যোগে দখলকৃত জমি ফেরত পেলেন মালিক
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় দীর্ঘদিন ধরে দখল হওয়া একটি জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে স্থানীয় যুবদল।
এ উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়রা যুবদলের এই মানবিক প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে মো. মনিরের রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় প্রায় দেড় কাঠা জমি রয়েছে। দীর্ঘদিন রাজশাহীর বাইরে অবস্থান করায় মনিরের চাচারা জোরপূর্বক ওই জমিটি দখল করেছিলেন। ফলে মনির ও তার পরিবার তাদের বৈধ সম্পদ থেকে বঞ্চিত হয়েছিলেন।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেন। যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় যে জমির প্রকৃত মালিক মনির এবং তিনি ওয়ারিশ সূত্রে এই জমির মালিকানা পেয়েছেন।
এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত ছিলেন মো. আশরাফুল আলমের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক সোহাগ, যুব নেতা আক্তারুল, মিনারুল, রবিন, বুলবুলসহ ১০–১৫ জন নেতাকর্মী। সেখানে বাদী মো. মনির ও তার চাচাদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে জমিটি শান্তিপূর্ণভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
জমির প্রকৃত মালিক মো. মনির জানান, “যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার নেই। তারা কোনো স্বার্থ ছাড়াই আমার দখলকৃত জমি উদ্ধার করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। তাদের সহযোগিতায় আমি আমার সম্পদ ফিরে পেয়েছি। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবেন।”
১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম বলেন, “এ এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ভূমিদস্যুর স্থান নেই। সাধারণ মানুষের অধিকার রক্ষায় যুবদল সবসময় কাজ করবে। প্রতিটি নাগরিকের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “১ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুরা যতই প্রভাবশালী হোক না কেন, যুবদল তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
স্থানীয় এলাকাবাসী যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৬৫ বার পড়া হয়েছে