চট্টগ্রামে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরও ১৮ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে হামের উপসর্গ ও হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।
এদিকে, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাসের কম বয়সী ওই শিশুটি মারা যায়। শিশুটির বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি ৭৬ জন রোগীর মধ্যে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জন নগর এলাকার এবং ২ জন উপজেলার বাসিন্দা।
হাম শনাক্তের জন্য চট্টগ্রাম জেলা থেকে নতুন করে ২০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে ৯১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
জানা গেছে, মারা যাওয়া শিশুটি প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ)-তে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছিল। সেই শিশুটির বাড়িও কক্সবাজার অঞ্চলে এবং তার বয়স ছয় মাসের কম ছিল।
এদিকে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, সিটি কর্পোরেশনের কাছে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা সরবরাহ করা হচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে