সর্বশেষ

সারাদেশ

বেতনা নদীর ভাঙনে হুমকিতে শতবর্ষী বুধহাটা বাজার, অব্যবস্থাপনায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার বর্তমানে বেতনা নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। অপরিকল্পিত নদী খনন ও দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে নদীর স্রোত সরাসরি বাজারমুখী হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি চরম ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধহাটা বাজার সংলগ্ন বেতনা নদীর পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধে প্রতিনিয়ত ধস নামছে। গত কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাত এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে করে বাজার ও আশপাশের জনবসতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

অভিযোগ রয়েছে, নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে থাকলেও সেখানে খনন না করে উল্টো ভাঙনকবলিত বাজার এলাকায় খনন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে স্রোতের চাপ সরাসরি বাজারের ওপর পড়ছে, যা ভাঙনকে আরও তীব্র করে তুলছে।

এদিকে ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ পাড় ধসে যাত্রীরা নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার সম্ভব হলেও এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, শুধুমাত্র বালুর বস্তা ফেলে ভাঙন রোধ সম্ভব নয়। তারা নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি স্রোতের গতিপথ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান বলেন, নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। কোনো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে বুধহাটা বাজার রক্ষায় সরাসরি কোনো দায়িত্ব আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খাসজমি রক্ষা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।

নির্বাহী প্রকৌশলীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, বহু আগেই পাউবোর মূল বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে এবং বর্তমান বাঁধটি ভাঙতে ভাঙতে বাজারের ভেতরে চলে এসেছে।

দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শতবর্ষী বুধহাটা বাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন