ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে ‘চলমান দেশ পরিস্থিতি থেকে উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মোমিন মেহেদী অভিযোগ করেন, হাম (হাম-রুবেলা) টিকার সংকটসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনায় সরকার ও উপদেষ্টারা দায় এড়াতে পারেন না। তিনি দাবি করেন, কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু নেতাকর্মীকেও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মুখপাত্র শফিকুল আলমসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের আড়ালে থেকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং এর পেছনে স্বাধীনতাবিরোধী শক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেন, এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষমতা অর্জনের একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং সৈয়দ আহমেদ ফারুকসহ অন্যান্য নেতারা।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
১৩৫ বার পড়া হয়েছে