চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৭৭ শিশু হাসপাতালে
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
রোগীর ক্রমবর্ধমান চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা ওয়ার্ড চালু করলেও চিকিৎসক ও নার্সের সংকটে হিমশিম খেতে হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ভর্তি ৭৭ শিশুর মধ্যে ৪১ জন ছেলে ও ৩৬ জন মেয়ে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে ১৯ জন ছেলে ও ৮ জন মেয়ে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য তিনজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলায় মোট ২৯৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। হঠাৎ রোগের বিস্তার বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান জানান, হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসক ও নার্স সংকটের কারণে চাপ বেড়েছে। তবে বিকল্প উপায়ে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, স্বাস্থ্য বিভাগ মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করছেন এবং তাদের টিকাদানের আওতায় আনছেন। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ।
১১১ বার পড়া হয়েছে