রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, বন্ধুর হাত-পায়ের রগ কর্তন
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২২) নামে এক দুবাই প্রবাসীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় তার বন্ধু রমজান মিয়ার হাত ও পায়ের রগ কেটে তাকে হত্যার চেষ্টা করা হয়। গত সোমবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের টাওরা পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া টাওরা পশ্চিমপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। কর্মজীবনের তাগিদে তার মা নার্গিস বেগম বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর পর দুবাই থেকে দেশে ফেরেন মাসুম মিয়া। তার সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পাওনা টাকা নিয়ে বিদেশে যাওয়ার আগ থেকেই বিরোধ চলছিল।
সোমবার মাসুম মিয়া ও তার বন্ধু রমজান মিয়া মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নিজ বাড়ির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের পাশে প্রতিপক্ষ রাসেল মিয়া, মাহবুব মিয়া, উজ্জ্বল ও তুষার মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাসুম মিয়াকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই সঙ্গে রমজান মিয়ার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, রমজান মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে সোহেল হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে এলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এ কারণেই এমন হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, টাওরা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নিহতের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ বার পড়া হয়েছে