কুষ্টিয়ায় মসজিদের দানের টাকা ফেরত দিলেন অভিযুক্ত জামায়াত নেতারা!
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া শাহী মসজিদের দানের অর্থ জোরপূর্বক নিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত জামায়াতের স্থানীয় নেতারা শেষ পর্যন্ত পুরো টাকা ফেরত দিয়েছেন। প্রশাসনের কঠোর অবস্থান ও তদন্ত কার্যক্রমের মুখে পড়ে সোমবার (৩০ মার্চ) বিকেলে অবশিষ্ট অর্থও বুঝিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা করম আলী। তিনি জানান, সকালে অভিযুক্ত দুই নেতা হায়াত আলী ও রুহুল আমিন রোকন তার কাছে আংশিক ৪ হাজার ৭০০ টাকা জমা দেন। পরে বিকেলে দানকৃত পশুপাখি বিক্রির অর্থসহ বাকি টাকাও ফেরত দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অভিযুক্তরা চাপে পড়ে পুরো অর্থ ফেরত দিতে বাধ্য হন। সংশ্লিষ্টরা জানান, মসজিদের দানের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
অভিযুক্তদের দাবি, ভুল বোঝাবুঝির কারণেই এমন ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের নির্দেশনা মেনে সম্পূর্ণ অর্থ ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৪৫ বার পড়া হয়েছে