‘জুলাইযোদ্ধা’দের আইনি সুরক্ষা দিতে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই–অগাস্টের ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাইযোদ্ধা’দের ইনডেমনিটি বা আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে একটি বিল পাস করা হবে।
একই সঙ্গে, আন্দোলনের সময় পুলিশের পোশাক পরে হামলা চালানো সন্ত্রাসীদের কাউকেই ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি প্রদানের বিষয়ে ‘জুলাই জাতীয় সনদ’-এ আমরা অঙ্গীকারবদ্ধ। এর ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।”
তিনি জানান, এই অধ্যাদেশগুলি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ কমিটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যে, সর্বসম্মতিক্রমে ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’টি সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সমালোচনার জবাবে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো আচরণ করেছে, তাদের মধ্যে কেউ কেউ প্রাণ হারিয়েছেন। “ওটা ছিল একটি রণক্ষেত্র। তাই জুলাইযোদ্ধাদের সুরক্ষার জন্যই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে সারা দেশের মানুষ একমত,” যোগ করেন তিনি।
হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলার তদন্ত ও চার্জশিট প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে কিছু মামলার বিচার শুরু হয়েছে এবং তা টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হচ্ছে।
তিনি আরও বলেন, “জুলাই–অগাস্ট আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে—চাই তারা পুলিশের পোশাক পরুক বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্য হোক, সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে মামলা না হয়ে থাকে, তবে তা অবশ্যই করা হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার বিভাগ যথাযথভাবে বিচার সম্পন্ন করবে।”
১০৭ বার পড়া হয়েছে