রাজশাহীতে ১৫'শ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার সহযোগী মোঃ রাসেল আলী পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ১১টা ১০ মিনিটে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানাধীন মালেকার মোড় ও আশপাশ এলাকায় মাদক উদ্ধার কার্যক্রমে ছিলেন। এই সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চারঘাট থানার বালুদিয়ার গ্রামে মোছাঃ শাপলা খাতুনের বসতবাড়ির উঠানে দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর রাত প্রায় ১১টা ১৫ মিনিটে ডিবি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে রাত ১১টা ৩০ মিনিটে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে মোছাঃ শাপলা খাতুনের পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাপলা খাতুন রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালুদিয়ার গ্রামের এবং পলাতক অভিযুক্ত মোঃ রাসেল আলীর স্ত্রী। অভিযানের সময় রাসেল আলী পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় গ্রেফতারকৃত শাপলা খাতুন ও পলাতক রাসেল আলীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে