সংকটেও বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে ১৯ জেলায় তেল সরবরাহ
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ছুটির দিনেও উত্তরবঙ্গসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার সকাল থেকেই ডিপোটি থেকে ৩০২টি পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিতরণ করা হচ্ছে।
অয়েল ডিপোর ইনচার্জ আবুল ফজল মোহাম্মদ সাদেকিন জানান, বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়ামের মাধ্যমে দিনভর মোট ২৭ লাখ ২৭ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তেলের কোনো সংকট নেই এবং চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হচ্ছে। আগের দিনের তুলনায় আজ প্রায় ৩০ হাজার লিটার বেশি তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা গেছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল না পাওয়ায় কিছু পেট্রোল পাম্পে সরবরাহে বিঘ্ন ঘটছে। সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় একটি পাম্প বন্ধ থাকায় তেল নিতে আসা অনেক গাড়িচালককে ফিরে যেতে হয়েছে। এতে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় চালকরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অপরদিকে, পেট্রোল পাম্প কর্মচারী উদয় সাহা জানিয়েছেন, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা সরবরাহ দিতে হিমশিম খাচ্ছেন। তিনি দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
১২২ বার পড়া হয়েছে