কুমারখালীতে ট্রেনের ধাক্কায় এলজিইডি নিরাপত্তাকর্মীর মৃত্যু, নিরাপত্তা ঘাটতির অভিযোগ
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক নিরাপত্তাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার সদকী ইউনিয়নের ঘাসখাল গ্রামের বাসিন্দা এবং সেকেন্দার আলীর ছেলে।
রোববার (২৯ মার্চ) দুপুরে কুমারখালী রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় শফিকুল ইসলাম ফুলতলা এলাকায় রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ওই স্থানে কোনো অনুমোদিত রেলগেট বা গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়েই তিনি পার হতে যান। এ সময় খুলনাগামী দ্রুতগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার পায়ের গোড়ালির রগ কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোচেন ইমাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুমারখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, “ফুলতলা এলাকায় কোনো অনুমোদিত রেলক্রসিং না থাকায় সেখানে গেট বা গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি।”
এলজিইডির উপজেলা প্রকৌশলী নাজমুল হক জানান, অফিসের কাজ শেষে ফেরার পথে এই দুর্ঘটনায় তাদের সহকর্মীর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি ওই স্থানে নিরাপত্তা ব্যবস্থার অভাবকেই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি জানান, ফুলতলা এলাকায় দ্রুত রেলগেট স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই স্থানে রেলগেট ও গেটম্যান নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
১২১ বার পড়া হয়েছে