কলাপাড়ায় রাখাইন সংঘরাজের তিনদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর তিনদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া গ্রামে অগ্নিসৎকারের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে শত শত বৌদ্ধ ভিক্ষু এবং হাজারো রাখাইন নারী-পুরুষ সেখানে সমবেত হন। বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আগতদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে অশ্রুসিক্ত পরিবেশে বাঁশ ও বারুদ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী রকেট নিক্ষেপের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি আলং নৃত্য, রথটান এবং বর্ণিল আতশবাজির আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। সন্ধ্যার পর আতশবাজির ঝলকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, তুলাতলীপাড়া গ্রামের বাসিন্দা উকোইন্দা মহাথেরো (৮৭) গত বছরের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন। মৃত্যুর পর তার মরদেহ ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় বিহারে সংরক্ষণ করা হয়েছিল।
১২৭ বার পড়া হয়েছে