কলাপাড়ায় লামিয়া হত্যা: ১০ লাখ টাকায় আসামি বাদের চেষ্টা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আলোচিত লামিয়া হত্যা মামলায় কিছু আসামিকে ১০ লাখ টাকার বিনিময়ে এজাহার থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এক সংবাদ সম্মেলনে নিহত শিক্ষার্থী লামিয়ার মা হালিমা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ২০২৫ সালের ৩০ জুন তার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে লামিয়াকে ফাঁকা বাড়িতে গনধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। পোষ্টমর্টেম রিপোর্টে একাধিক ব্যক্তি লামিয়াকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে।
হালিমা বেগম আরও অভিযোগ করেন, হত্যা-ধর্ষণের মামলা নিতে থানার পুলিশ ৪০ হাজার টাকা দাবি করেছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলা এজাহারভুক্ত করা হয় এবং আসামিরা গ্রেফতারও হয়। কিন্তু বর্তমানে আর্থিক লেনদেনের মাধ্যমে ৩ জন আসামিকে বাদ দেওয়ার পায়তারা করা হচ্ছে বলে তিনি জানান। তিনি প্রধানমন্ত্রী ও পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, যাদের প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের বাদ দেওয়া হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টি তার দাবি অনুযায়ী সত্য নয়।
১৩০ বার পড়া হয়েছে