পুলিশের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক পুনরায় চালুর বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এ সময়ে পুলিশের দায়িত্ব আরও বেড়েছে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আচরণ হতে হবে মানবিক এবং আইনের প্রতি থাকতে হবে গভীর শ্রদ্ধা। তিনি জোর দিয়ে বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর মূল শক্তি। আইনের চোখে সবাই সমান—সে রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ কৃষক।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সরকার পুলিশকে কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়, বরং একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যার উদ্দেশ্য হবে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা যোদ্ধা এবং জিয়াউর রহমান-সহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৭২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ৬ জন এবং পুরুষ ৬৬ জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
১২৭ বার পড়া হয়েছে