গোবিপ্রবিতে জিএসটি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য শাখা) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১ হাজার ৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন, অনুপস্থিত ছিল ১৮৭ জন। উপস্থিতির হার ছিল ৮২.৫২ শতাংশ। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। জালিয়াতি প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কাজে শিক্ষক, কর্মকর্তা, পরিদর্শক, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
আগামী ৩ এপ্রিল মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা এবং ১০ এপ্রিল বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষাও নেওয়া হবে।
চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসনসহ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০৫টি।
১০৭ বার পড়া হয়েছে