রাখাইন ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়ায় চলছে বর্নাঢ্য আয়োজন
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া দ্বিতীয় দিনের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে।
শুক্রবার সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে ভিক্ষু সংঘের পিন্ডদান, দেশ বরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথ পরিক্রমা এবং আলং নৃত্য।
গতকাল বৃহস্পতিবার দিনভর মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর, ধর্মীয় সংগীত, পিন্ডদান ও আলং নৃত্য অনুষ্ঠিত হয়েছে।
এ উৎসব উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আগমন করেছে। স্থানীয়রা উৎসবটি দেখতে ভীর করেছেন। মাঠে অস্থায়ী দোকানপাটও বসানো হয়েছে।
বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। আগামীকাল বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৭৩ বার পড়া হয়েছে