দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: নিহত ২৫, স্বজনদের কাছে হস্তান্তর ২১ মরদেহ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ চালকসহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজবাড়ী পৌরসভার লালমিয়া সড়ক ভবানীপুর এলাকার রেহেনা আক্তার ও তাঁর ছেলে আহনাফ তাহমিদ খান, কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মর্জিনা খাতুন, কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের রাজীব বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার জহুরা অন্তি ও কাজী সাইফ, গোয়ালন্দ উপজেলার চর বারকিপাড়া গ্রামের মর্জিনা আক্তার ও তাঁর মেয়ে সাফিয়া আক্তার রিন্থি, খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের শিশু ইস্রাফিল, কালুখালী উপজেলার ভবানীপুর গ্রামের শিশু ফাইজ শাহানূর, সজ্জনকান্দা এলাকার শিশু তাজবিদ, বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের চালক আরমান খান, মহেন্দপুর ইউনিয়নের নাজমিরা ওরফে জেসমিন, মিজানপুর ইউনিয়নের লিমা আক্তার ও জোৎস্না, গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তা খানম, দিনাজপুরের পার্বতীপুরের নাছিমা, আশুলিয়ার আয়েশা আক্তার, শিশু সোহা আক্তার, আয়েশা সিদ্দিকা, আরমান, আব্দুর রহমান, সাবিত হাসান (৮) এবং উজ্জ্বল নামের এক ফল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সদস্য হিসেবে রয়েছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
২১০ বার পড়া হয়েছে