বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিহত ২
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে এবং নাছির ফকির একই উপজেলার চরবিষ্টন এলাকার আব্দুল ফকিরের ছেলে। তারা দুজনই পেশায় শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। একই সময়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পেরে পানিতে ডুবে মারা যান। তবে ট্রলারের অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় লঞ্চের সুকানি ট্রলারটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৭ বার পড়া হয়েছে