টাঙ্গাইলের কালিহাতীতে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে বুধবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে কমিটি সওদাগার গ্রুপের সঙ্গে মন্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটলেও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে বিরোধ মীমাংসা হয়নি। এমনকি গত ঈদেও দুই পক্ষ আলাদা আলাদা ঈদের নামাজ আদায় করেন।
মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ঘটে এবং বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম জানিয়েছেন, কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনার স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১২৮ বার পড়া হয়েছে