সিলেটের বিশ্বনাথে মাজার ওরসে প্যান্ডেল ভাঙচুর, পুলিশ মোতায়েন
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম মাস্তান ওরফে ইবই শাহ্র মাজারে চলা ওরসে উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত রোববার শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস চলাকালীন মাজার ভক্তরা প্যান্ডেল তৈরি করে গান-বাজনার আসর বসান।
উচ্চস্বরে বাউল গান এবং মাদক সেবনের অভিযোগ তুলে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মিছিল নিয়ে হামলা চালিয়ে মঞ্চের আসবাবপত্র ভাঙচুর করে ওরস বন্ধ করে দেয়।
এরপর সোমবার ভোরে মাজারের ভক্তরা গ্রামে অবরুদ্ধ করেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মুহিবুর রহমান মাশকুরকে এবং জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে। গ্রামে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ইসলামি সংগঠন ‘আল-ইকরা তাফসিরুল কোরআন’-এর কর্মী এবং রামপাশা মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা মঞ্চে উঠে চেয়ার-টেবিল ভাঙচুর করে গান ও ওরস বন্ধ করে দেন। এর প্রতিবাদে মাজারের খাদেম দুদু মিয়ার অনুসারীরা কাঁচা মিয়া নামে এক ব্যবসায়ীকে মারধর করে এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন।
মাজারের খাদেম দুদু মিয়া বলেন, “শতাধিক বছর ধরে মাজারে ওরস চলে আসছে। প্রশাসনের অনুমতি নিয়ে এবারও আয়োজন করা হয়েছিল। এবারই প্রথম নানা অভিযোগ তুলে হামলা চালানো হয়েছে। মসজিদে হামলার অভিযোগ সত্য নয়।”
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, “দু’পক্ষই ভুল স্বীকার করেছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হবে।”
১২৪ বার পড়া হয়েছে