ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ শর্ত
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচ দফা শর্ত দিয়েছে ইরান। গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এ যুদ্ধ নিরসনে পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান কঠোর কিছু দাবি তুলে ধরেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত আলোচনার প্রেক্ষাপটে ইরান এই শর্তগুলো উত্থাপন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—যুদ্ধ যেন পুনরায় শুরু না হয়, সে বিষয়ে নির্ভরযোগ্য নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন একটি ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে তেহরান, যাতে ওই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত তাদের নিয়ন্ত্রণে থাকে।
এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধের দাবিও জানিয়েছে ইরান। যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ চাওয়াও রয়েছে তাদের দাবির তালিকায়।
আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে ইরান অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ প্রচারণা’ চালানো সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংবাদিকদের হস্তান্তর অথবা তাদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
এদিকে, সোমবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার ইরান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
১১৫ বার পড়া হয়েছে