কলাপাড়ায় এক রাতে ছয় বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় এক রাতে অন্তত ছয়টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সরেজমিনে জানা গেছে, ওই এলাকার ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসা থেকে নগদ ৪১ হাজার টাকা ও দুটি সোনার আংটি চুরি হয়েছে। এছাড়া ভাড়াটিয়া মোঃ আল আমিনের বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার, ঘর মালিক রেদওয়ান ইসলামের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ভাড়াটিয়া কামাল হোসেনের বাসা থেকে নগদ ৯০ হাজার টাকা ও আনুমানিক ৮-৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।
একই এলাকায় ঘর মালিক ফেরদৌস আহমেদ ও ভাড়াটিয়া কাওছার সিকদারের বাসা থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
১৬৮ বার পড়া হয়েছে