চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে ককটেল বিস্ফোরণ, একজন আহত
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনার মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে মোজাফ্ফর আলী নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কুথনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কুথনিপাড়া গ্রামের বিবাদমান দুটি পক্ষ সালিশ বৈঠকে বসে। ওই বৈঠক চলাকালে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও সাবেক সদস্য মো. চান্দুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষ একে অপরের দিকে ককটেল নিক্ষেপ শুরু করে।
ককটেল বিস্ফোরণের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছু বাড়িতেও আগুন লেগে যায়, যা ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলেছে, বড় ধরনের বিস্ফোরণ হয়নি, তবে কয়েকটি ককটেলের শব্দ শোনা গেছে। স্থানীয়দের দাবি, আধাঘণ্টার ব্যবধানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের শব্দ ধরা পড়ে।
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ককটেল বিস্ফোরণের পর সন্ধ্যা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্তরা আত্মগোপনে গেছে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৮ বার পড়া হয়েছে