ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২০, আটক ২
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভৈরবের লুনদিয়ায় দুই বংশের আধিপত্য নিয়ে সংঘর্ষে ইমন মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুনদিয়া গ্রামে ইমন বাড়ি ফেরার সময় শেখ বাড়ির কয়েকজন যুবকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রামদা দিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টায় তার মৃত্যু হয়।
এরপর রাত সাড়ে ১১টায় স্থানীয় পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টা সংঘর্ষ সংঘটিত হয়। পাগলা বাড়ির আব্দুল মজিদ বড় মিয়া ও শেখ বাড়ির সাবেক মেম্বার গোলাপ মিয়ার নেতৃত্বে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযুক্ত শোহরাব হোসেন ও আব্দুর রশিদ নামে দুইজনকে আটক করা হয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
১৮৩ বার পড়া হয়েছে