ময়মনসিংহে বিবাহিত বনাম অবিবাহিতদের হাডুডু ম্যাচ
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও স্থানীয়রা ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ ও দর্শকপ্রিয়তা বজায় রাখে।
স্থানীয়রা জানান, একসময়ের অত্যন্ত জনপ্রিয় এই খেলা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তবে পুরনো ঐতিহ্য ধরে রাখতে উচাখিলার প্রত্যন্ত গ্রামে ঘরোয়া পরিবেশে হাডুডু আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনারুল হাসান সেলিম। এ সময় স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান মতি, ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ সালামাত মন্ডল, দৈনিক কালের সমাজ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো জাহাঙ্গীর আলম, সিরাজুল মন্ডলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলায় মোট ২০ জন সদস্য অংশগ্রহণ করেন, যারা বিবাহিত ও অবিবাহিত দুই দলে ভাগ হয়ে খেলেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবিবাহিত দল ২০-২১ পয়েন্টে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন হয় বিবাহিত দল। ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
খেলার উদ্বোধক আলহাজ্ব আনারুল হাসান সেলিম বলেন, “এ ধরনের খেলার আয়োজন এলাকার মানুষকে আনন্দ দেয় এবং ঐতিহ্যবাহী হাডুডুকে টিকিয়ে রাখতে সহায়তা করে।”
১১৯ বার পড়া হয়েছে