কাশিয়ানীতে পুলিশ সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি, ৩০ লাখ টাকার মালামাল লুট
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক পুলিশ সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ চোরচক্র বাড়ির ছাদের টিন কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ওই পুলিশ সদস্য হলেন রাজবাড়ী জেলার কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন মোল্যা।
সোমবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্ত্রী জানান, গত বৃহস্পতিবার ঈদ উপলক্ষে তিনি শ্বশুরবাড়িতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা পেছন দিক দিয়ে ছাদে উঠে টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙে নির্বিঘ্নে লুটপাট চালায়।
তিনি আরও জানান, চোরেরা প্রায় ৯ ভরি ৩ আনা স্বর্ণালংকার, ১২ ভরি ৮ আনা রুপা, নগদ ২৬ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাত ১টা থেকে ভোর ৪টা ১৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাশিয়ানীতে ধারাবাহিক চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠছে। নিরাপত্তা জোরদারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব দুলাল বলেন, গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় আমরা আতঙ্কে আছি। রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারছি না। বিশেষ করে নতুন বা ভাড়াটিয়া বাসাগুলো বেশি টার্গেট হচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং টহল বাড়ানো জরুরি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৩ বার পড়া হয়েছে