পাবনায় পৃথক দু'টি সংঘর্ষের ঘটনায় ৩১ জন আটক
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সুজানগর ও ঈশ্বরদীতে পৃথক দুই সংঘর্ষের ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোট ৩১ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো কোনো মামলার খবর পাওয়া যায়নি।
সোমবার (২৩ মার্চ) সকালে সুজানগর উপজেলার ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপ এবং ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন নামে এক গৃহবধূ নিহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে।
অন্যদিকে, একই দিন দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট, পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গোলাগুলি, অফিস ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করে।
দুই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০৩ বার পড়া হয়েছে