ঈদ ছুটিতে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদুল ফিতরের টানা ছুটিতে আনন্দ উপভোগ করতে সব বয়সী ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনসহ সাতক্ষীরার বিভিন্ন বিনোদন কেন্দ্র।
হাজারো দর্শনার্থীর ঢল নেমেছে এসব স্থানে। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, কেউ বাবা-মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনকে নিয়ে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে করে এসেছেন বিনোদন স্পটগুলোতে।
পরিবার-পরিজন নিয়ে জেলার বিভিন্ন আকর্ষণীয় স্থানে ছুটে আসছেন সব শ্রেণি-পেশার মানুষ। দেবহাটার ঐতিহাসিক বনবিবি তলা, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র, সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে টাকীর ঘাট, সুন্দরবনের কলাগাছিয়ার আব্দুর রাজ্জাক শিশু পার্ক, শহরের মোজাফ্ফর গার্ডেন, মুন্সিগঞ্জের আকাশলীনা ইকো ট্যুরিজম, উড়াল মন ট্যুরিজম, কারামোরা ম্যানগ্রোভ ভিলেজ, লিমপিড গার্ডেন, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ এবং সোনাবাড়িয়া মঠ-মন্দিরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদ উপলক্ষে নতুন সাজে সজ্জিত হয়েছে। এসব স্থানে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।
শহরের পাঁচ কিলোমিটার বাইপাস সড়কজুড়েও বিকেল থেকে রাত পর্যন্ত চোখে পড়ার মতো জনসমাগম দেখা গেছে। তরুণ-তরুণীরা দলবেঁধে আড্ডায় মেতে ওঠেন এবং সেলফি তোলেন। অনেকে ছোট পিকআপ ভাড়া করে সাউন্ড বক্সে গান বাজিয়ে ঘুরে বেড়ান। আইসক্রিম, কোকা-কোলা, চা, ফুচকা ও কফির দোকানগুলোতে বিক্রেতাদের চাহিদা সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
শহরের কাটিয়া আমতলা এলাকার গ্লামার বিউটি পার্লারের পরিচালক মুন্নী রহমান বলেন, এবারের ঈদের টানা ছুটিতে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। সুন্দরবন, রূপসী ম্যানগ্রোভ, মোজাফ্ফর গার্ডেন ও লেকভিউসহ বিভিন্ন পিকনিক স্পটে ভিড় বেশি। ছুটিতে বাড়িতে আসা অধিকাংশ মানুষই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন।
তিনি আরও বলেন, ভিড় থাকলেও এসব বিনোদন কেন্দ্রে শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের কোনো কমতি নেই। পাশাপাশি শহরের ছোট রেস্টুরেন্ট ও কফি শপগুলোতেও দর্শনার্থীদের ভিড় বেড়েছে।
ঢাকা থেকে সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জের আকাশলীনায় বেড়াতে আসা মাহফুজুর রহমান রিজভি ও সোহানা রিজভি বলেন, “প্রতিবার ঈদে গ্রামের বাড়ি এলে আমরা সুন্দরবন ঘুরতে যাই। সুন্দরবন আমাদের খুব টানে। ঈদের দিন ও পরের দিন বিভিন্ন স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। খুব ভালো লাগছে।”
শহরের পুরাতন সাতক্ষীরার বাসিন্দা চুমকি রহমান জানান, “অনেক দিন বাসা থেকে বের হওয়া হয়নি। ঈদ উপলক্ষে বিকেলে মেয়ে ও স্বামীকে নিয়ে বের হলাম। এসে দেখি হাজারো মানুষের ভিড়। সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছে।”
মোজাফ্ফর গার্ডেনের তত্ত্বাবধায়ক আতিক হোসেন বলেন, প্রতিবছর ঈদ এলে এ বিনোদন কেন্দ্রে সব বয়সী মানুষের ভিড় থাকে সপ্তাহজুড়ে। সে কারণে আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঈদ উপলক্ষে বাড়তি আলোকসজ্জা করা হয়েছে।
সাতক্ষীরার লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক ডা. আবুল কালাম বাবলা বলেন, ঈদের আনন্দে মুখর হয়ে উঠেছে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো। হাজারো দর্শনার্থীর ঢল নেমেছে। দর্শনার্থীরা পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে আনন্দ উপভোগ করছেন।
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল বলেন, বাসাবাড়িতে চুরি-ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) আফরোজ আক্তার বলেন, জেলার বাইরে থাকা মানুষরা ঈদ উপলক্ষে নিজ এলাকায় ফিরে এসেছেন। অনেকে ঈদের দিনই ঘুরতে বের হয়েছেন, আর যারা পারেননি তারা দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রে যাচ্ছেন।
তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রগুলোতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে