সংবিধানকে ধরে স্বৈরতন্ত্র কায়েম করলে অবস্থা হবে হাসিনার মতো: এনসিপি
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, “সংবিধানকে ধরে স্বৈরতন্ত্র কায়েম করলে বিএনপির অবস্থা শেখ হাসিনার মতো হবে।
অপরাধী কিছু পুরাতন আওয়ামী লীগের লোকজন নতুন করে ফিরে এসেছে। এবার যারা নির্বাচন করেছে তাদের এবং স্থানীয় বিএনপি'র নেতাদের ছত্রছায়ায় তারা ফিরে আসছে। কিছু মানুষের ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার ফিরে আসার জায়গা তৈরি করছে।” সিরাজগঞ্জের এনায়েতপুরে গণঅধিকার পরিষদ এবং বিএনপির সমর্থকের এনসিপিতে যোগদান ও সাংবাদিক সম্মেলন উপলক্ষে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যেটা আমরা দেখলাম, তারেক রহমান সাহেবের রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে যে ভালোবাসা ও আন্তরিকতা, সেটা আমরা সংসদেও দেখেছি এবং ঈদের জামাতেও দেখেছি। এটা আমাদের জন্য পীড়াদায়ক। বিএনপির যে তৃণমূল, তারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে, গুম ও খুনের শিকার হওয়ার কারণে তারা ভালো জায়গায় পৌঁছেছে। অথচ তাদের সুবিধাবাদী নেতারা কেউ লন্ডন বা ভারতে, শ্রীলংকায় পালিয়ে ছিল। কিন্তু তৃণমূলের নেতা-কর্মীরাই তাদের পাশে ছিল। অথচ যখন একটা সময় আসলো, তখন তৃণমূলের নেতাকর্মীরা দেখল আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তাই তারা কষ্ট থেকে আজকে এনসিপিতে যোগদান করছে।”
সাইফ মোস্তাফিজ আরও বলেন, “১৬ হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে বিএনপি সংসদে যেতে পেরেছে। সালাউদ্দিন ভাই এবং মুজিবের সংবিধানের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে ২০২৯ সালের আগে নির্বাচন হওয়ার কথা ছিল না। তখনও প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীও তাদের থাকার কথা ছিল। সেক্ষেত্রে সালাউদ্দিন ভাইদের থাকার কথা ছিল না, তাদের থাকার কথা ছিল শিলংয়ে। তারা যে নতুন করে ক্ষমতায় যেতে পেরেছে, সেটা শহীদদের রক্তের বিনিময়ে এবং তৃণমূলের আন্দোলন ও সংগ্রামের কারণে সম্ভব হয়েছে। তাই সেই জায়গায় যদি তারা মূল্যায়ন করতে না পারে, তাদের পরিণতিও সংবিধানের মতো হবে। যে সংবিধান শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে টেকাতে পারেনি, সেই সংবিধানকে আঁকড়ে রেখে যদি তারেক রহমানরা বাংলাদেশে আরেকটি স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে তাদের অবস্থাও হাসিনার মতো হবে। তারা একটি ভুল ধারণার মধ্যে আছে। জনগণ ছাড় দেয় না। তাই বিএনপির প্রতি অনুরোধ, দেখুন, শোনুন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন।”
এই সময় এনসিপির আরেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সভাপতিত্বে জেলার এনসিপির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। মাহিন সরকার যোগদানকারীদের উদ্দেশ্যে দ্রুতই সংগঠনের থানা ও অন্যান্য কমিটি গঠন এবং কলেবর বৃদ্ধির জন্য আহবান জানান।
১০৭ বার পড়া হয়েছে