গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী এবং তিন সন্তানের জননী।
স্থানীয়দের দাবি, সোমবার রাতে স্বামী মাইনুল গাজীর সঙ্গে বিলকিসের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দেন।
অন্যদিকে, নিহতের চাচাতো ভাই রাব্বি হাসানসহ পরিবারের একাধিক সদস্য অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরে বিলকিসের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী। তাদের দাবি, সোমবার রাতেই বিলকিসকে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে বিলকিসের স্বামী মাইনুল গাজীর ০১৭৭-০০০২০৬০ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শ্বশুর আলতাফ গাজী বলেন, রাতে সামান্য বিষয় নিয়ে তার ছেলে ও পুত্রবধূর মধ্যে মনোমালিন্য হয়েছিল। এর জেরে বিলকিস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২৪ বার পড়া হয়েছে