সুনামগঞ্জে ঈদ ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ নিহত হয়েছেন।
রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাফিকুল ইসলাম (২৮) ও সাইদুল ইসলাম (২৮)। তারা শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম থেকে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনায় সাফিকুলের শরীরের হাড় ভেঙে মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলামও মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ বলেন, গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
১২৩ বার পড়া হয়েছে