চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১
শনিবার, ২১ মার্চ, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামের আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের আলী হোসেন মার্কেটের ‘শাহীন ইলেকট্রিক’ দোকানে কর্মরত ছিলেন। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। পথে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে