এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী এপ্রিল মাসে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরটি বাস্তবায়িত হলে বিএনপি সরকার গঠনের পর এটি হবে তার প্রথম ভারত সফর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, সফরটি সংক্ষিপ্ত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। ওই সফরের পথে তিনি ভারতের রাজধানীতে অল্প সময়ের জন্য যাত্রাবিরতি করতে পারেন।
এর আগে, নতুন সরকার গঠনের পর গত ২২ ফেব্রুয়ারি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি জানান, সুবিধাজনক সময়ে দিল্লি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে, একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশে—সম্ভবত ভুটান অথবা মালদ্বীপ—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যেতে পারেন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে থিম্পু সফরের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
১৩০ বার পড়া হয়েছে