চাঁপাইনবাবগঞ্জে কয়েক গ্রামে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার কিছু ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দুই রাকাআতের ওয়াজিব নামাজের মাধ্যমে তারা ঈদ উদযাপন করেন।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর, ৭৬ বিঘি এবং শিবগঞ্জের আরও কয়েকটি গ্রামে মুসল্লিরা সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেন। ৭৬ বিঘি আমবাগানে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। সেখানে শিবগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় ১০০-২০০ জন নারী ও পুরুষ ঈদ জামাতে অংশগ্রহণ করেন।
বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবারও কিছু মানুষ ঈদের নামাজ পড়েছেন। তবে সবার অংশগ্রহণ ছিল না। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ঈদের নামাজ আদায় করেন। এ ধারাবাহিকতায় এবারও চাঁপাইনবাবগঞ্জের কিছু মানুষ ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেছেন।
১১৯ বার পড়া হয়েছে