সর্বশেষ

সারাদেশ

সৌদির সঙ্গে মিল রেখেদেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার 
স্টাফ রিপোর্টার 

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দীর্ঘদিনের ঐতিহ্য অনুসরণ করে এসব এলাকার মুসল্লিরা আগাম ঈদের নামাজ আদায় করেন।

এইমাত্র'র বরগুনা স্টাফ রিপোর্টার জানান, প্রায় একশত বছর ধরে চিশতিয়া কাদেরিয়া সম্প্রদায়ের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে বেতাগী উপজেলার বকুলতলী গ্রামের মালেক চেয়ারম্যান বাড়ি মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, কালিরতবক, ধুপতি, গৌরীচন্না ও নিশানবাড়ীয়া, আমতলী উপজেলার কুকুয়া ও ঘোচখালী এবং পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব এলাকায় উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অন্যদিকে ঢাকার ধামরাইয়েও সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এইমাত্র'র ধামরাই স্টাফ রিপোর্টার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় প্রায় ৫০ জন মুসল্লি ১২ তাকবিরের মাধ্যমে ঈদের নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।

আয়োজকরা জানান, আগে এ এলাকার মানুষ পূর্বাচলে গিয়ে ঈদের নামাজ আদায় করতেন। তবে গত পাঁচ বছর ধরে স্থানীয়ভাবে জামাত অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে কিছু বাধা থাকলেও বর্তমানে নির্বিঘ্নে নামাজ আদায় করা হচ্ছে।

এদিকে গাজীপুরেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরি এলাকার দারুল ইরফান জামে মসজিদে সকাল ৬টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন।

সাতক্ষীরার সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসসহ প্রায় ২০ গ্রামের মুসল্লি অংশ নেন। ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পাবনার সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে সকাল সাড়ে ৯টায় নকিবিয়া দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এ জামাতে আশপাশের ৫০–৬০টি পরিবারের মুসল্লি অংশ নেন। ইমামতি করেন মাওলানা আব্দুল বারি। নামাজ শেষে মুসলিম উম্মতের শান্তি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। স্থানীয় মসজিদের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ এরশাদ হোসেন। স্থানীয় মুসল্লিরা ২০১২ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

স্থানীয় মুসল্লিদের মধ্যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করতে পেরে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। অন্যদিকে, গ্রামের বাকি মুসল্লিরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ঈদ উদযাপন করবেন।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন