কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য নয় : সমাজকল্যাণ মন্ত্রী
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান বিএনপি সরকার ১৮ কোটি জনগণের সেবা দিতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, “কে কাকে ভোট দিয়েছে তা বিবেচ্য বিষয় নয়। সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ ও পেশার মানুষের কল্যাণে সরকার কাজ করে।”
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাই বিএনপি সরকার সব সময় জনগণের পাশে থাকে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস রাখে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ গঠনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, “অনেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাতে পারে। তাই সকলকে সজাগ থাকতে হবে।”
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর সহসভাপতি ফরিদখান ও সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ অনুষ্ঠানে মোট ৩৩৪টি পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যশস্য এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
১৯১ বার পড়া হয়েছে