ঢাকা–রংপুর রুটে ঈদযাত্রায় চরম ভোগান্তি: যানজটে নাকাল মানুষ, ট্রাকের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মানুষ ছুটছেন রংপুর অঞ্চলের বাড়ির পথে। একইসঙ্গে রংপুর থেকেও বিপুলসংখ্যক মানুষ যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। তবে এ যাত্রায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
ঢাকা–রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজটের কারণে স্বাভাবিক ৬ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। বিশেষ করে চন্দ্রা থেকে বগুড়া পর্যন্ত দীর্ঘ যানজটে পড়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
রংপুর বিভাগের আট জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত নগরীর মর্ডান মোড় এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। দূরপাল্লার বাস থেকে নেমে যাত্রীরা ব্যাগ-ব্যাগেজ নিয়ে দাঁড়িয়ে আছেন পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। লালমনিরহাট ও কুড়িগ্রামগামী যাত্রীরা এখান থেকে আবার নতুন করে যানবাহন খুঁজছেন।
যানবাহনের সংকটের কারণে অনেকেই বাধ্য হয়ে মালবাহী ট্রাকের ছাদে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন। শত কষ্ট সত্ত্বেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দেই এসব কষ্ট সহ্য করছেন তারা।
ঢাকার আশুলিয়া থেকে আসা যাত্রী সোহরাব আলী জানান, মঙ্গলবার বিকেল ৩টায় যাত্রা শুরু করে পরদিন দুপুরে রংপুরে পৌঁছেছেন। সেখান থেকে আবার কুড়িগ্রামের চিলমারী যেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।
গাজীপুর থেকে আসা মোসলেমা বেগম বলেন, সন্ধ্যা ৬টায় বাসে উঠলেও পথে যানজটের কারণে পরদিন দুপুরে রংপুরে পৌঁছাতে হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা থেকে সাতজন নির্মাণশ্রমিক একটি পিকআপ ভাড়া করে রংপুরে এসেছেন। তারা জানান, বাসে ভাড়া বেশি হওয়ায় ১২ হাজার টাকায় পিকআপ ভাড়া করে এসেছেন।
এদিকে রংপুর থেকে চট্টগ্রাম ও কুমিল্লাগামী যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের।
বাসচালক ও সুপারভাইজারদের অভিযোগ, এখনও অনেক ফিলিং স্টেশনে ১০ লিটারের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। এতে করে একাধিক স্টেশন ঘুরে জ্বালানি নিতে গিয়ে সময় নষ্ট হচ্ছে এবং যাত্রা বিলম্বিত হচ্ছে।
মর্ডান মোড় এলাকায় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করে যাচ্ছেন।
সব মিলিয়ে, ঈদযাত্রা ঘিরে ঢাকা–রংপুর রুটে সৃষ্টি হয়েছে তীব্র চাপ ও দুর্ভোগ, যা সাধারণ মানুষের যাত্রাকে করেছে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
১১৯ বার পড়া হয়েছে