জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, আহত আরও একজন; অভিযুক্ত আটক
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ২:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জ সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন (৪২) স্থানীয় রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় দুলাল মিয়া (৫০) নামে আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার বিরোধ ও বাকবিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার সকালে সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি শান্ত করতে ও দুলালকে রক্ষা করতে এগিয়ে আসেন প্রতিবেশী সুমন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তাকে ছুরিকাঘাত করে। হামলায় সুমন ও দুলাল উভয়েই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিকেলে এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে