নড়াইলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সোমবার (১৬ মার্চ) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কাজের উদ্বোধন করেন। তিনি জানান, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৪০টি জেলায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, “খাল খননের মাধ্যমে স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সরাসরি কৃষকরা উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত প্রতিটি উন্নয়নমূলক কাজ সরকার বাস্তবায়ন করছে। ইতিমধ্যে ফ্যামিলিকার্ড চালু করা হয়েছে এবং ধাপে ধাপে দেশে বিতরণ করা হবে। কৃষিখাতকে শক্তিশালী করতে কৃষিকার্ড কার্যক্রমও শুরু হতে যাচ্ছে। এছাড়া সরকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু, খুলনা বাপাউবো যশোর পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি,এম, আব্দুল মোমিন এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
খাল খননের উদ্বোধনের পর সংস্কৃতি মন্ত্রী একটি ভেষজ নিমগাছের চারা রোপণ করেন। এর আগে বেলা সাড়ে ১২টায় তিনি নড়াইল সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
১০৫ বার পড়া হয়েছে