জনগণের কল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আ: বারী
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে দিনরাত নিরলস পরিশ্রম করছেন। আমাদেরও জনগণের সেবায় সেই মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আগের অবস্থার পরিবর্তন আনতে হবে এবং সাধারণ মানুষ যেন দেশের উন্নয়ন সরাসরি উপলব্ধি করতে পারে।”
সোমবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চলতি মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জয়পুরহাট শহরের প্রধান সড়কের যানজট নিরসন, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধ, কৃষকের সেচযন্ত্র ও জেনারেটর চুরি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি নির্দেশ দেন, গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও সেচযন্ত্রের ঘরে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি বৃদ্ধি করা।
সভায় জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাহমুদ ইলিয়াস হোসেন।
সভায় গত দু'মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করতে একটি পাওয়ার পয়েন্ট ভিডিও প্রদর্শিত হয়। এছাড়া জেলা পরিষদের নব নির্বাচিত প্রশাসক, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এবং সকল সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
১৬৯ বার পড়া হয়েছে