সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন: “কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ” : প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ খাদেমল ইসলাম, দিনাজপুর
মোঃ খাদেমল ইসলাম, দিনাজপুর

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, কৃষক ও কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

সোমবার সকালে উপজেলার সাহাপাড়া গ্রামে খাল খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। এরই মধ্যে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড প্রদান, দেশের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের সম্মানী এবং মন্দির ও গির্জার পুরোহিতদের ভাতা দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি বলেন, “এসবই ছিল আমাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। তবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কিছু গোষ্ঠী অস্বস্তি বোধ করতে পারে, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে কৃষিনির্ভর এলাকা হওয়া সত্ত্বেও যথাযথ উন্নয়নের বাইরে ছিল। কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, “গত ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আমরা সেই আস্থার মর্যাদা রেখে মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

কৃষি ও পানি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, দেশে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এ কারণে খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ ও জলাধার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে পানির স্তর পুনরুদ্ধারে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের সরকার। জনগণই এদেশের মালিক। আমার কৃষক-মজুর বাঁচলে বাঁচবে বাংলাদেশ।”

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে।

সমাজসেবা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দূরদর্শী চিন্তার প্রতিফলন এই খাল খনন কর্মসূচি, যা বাস্তবায়িত হলে দেশের কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি জানান, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি শুধু একটি প্রকল্প নয়, বরং দেশের টেকসই পানি ব্যবস্থাপনার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন