মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: জরিমানা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাগেরহাটের মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার মোংলা সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বেকারি এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মিষ্টির দোকানে এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন বেকারি ও মিষ্টির দোকানে আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছে এবং বাসি মিষ্টি নোংরা পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়া খাদ্যপণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদনহীন রঙ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরিশাল বেকারিকে ২০ হাজার টাকা এবং একটি মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ ক্রেতারা স্বাগত জানিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে