সাভারে শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের নারী শিক্ষার্থী শারমিন জাহানর রক্তাক্ত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় তার স্বামী ফাহিম আল হাসানকে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে তার গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে নিহতের চাচা মনিরুল ইসলাম আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। এরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে আশুলিয়ার ইসলামনগরের ভাড়া বাসা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত ও অচেতন অবস্থায় শারমিন জাহানকে তার স্বামী ফাহিম আল হাসান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এই ঘটনায় স্বামী ফাহিম আল হাসান দাবি করেছেন, তিনি বাইরে থেকে কাজ শেষে বাসায় ফিরে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পান। পরে দরজা খুলে কক্ষের ভিতরে প্রবেশ করলে মেঝেতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় শারমিন জাহানকে দেখতে পান। তবে পুলিশের মতে, স্বামীর এমন দাবি সন্দেহজনক হওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানিয়েছেন, মামলাটি বাদী মনিরুল ইসলাম দায়ের করলে পুলিশ হত্যার ঘটনা তদন্তের জন্য স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন পাঠিয়েছে।
১৪৪ বার পড়া হয়েছে