গোপালগঞ্জে আবির সাহা হত্যা: দুই বন্ধু গ্রেফতার, রহস্য উদঘাটন
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ১৫ বছর বয়সী আবির সাহার রহস্যমৃত্যুর ঘটনা উদঘাটন করেছে জেলা পুলিশ। পুলিশ জানায়, আবির সাহাকে হত্যা করার ঘটনায় তার তিন বন্ধু জড়িত ছিল, যাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আবির সাহাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তার বন্ধুরা ইয়াবা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ব্যাটারি চালিত রিক্সা ছিনতাই করতে চেষ্টা করে। এরপর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। হত্যার পর পলাতক আসামী এসিড দিয়ে আবিরের মুখ ঝলসে দেয়। ছিনতাইকৃত রিক্সার যন্ত্রাংশ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
আজ রবিবার (১৫ মার্চ) গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপ থেকে গণমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ১২ মার্চ শহরতলীর ঘোষরচর গ্রামের মুজাহিদ শেখের ছেলে সিহাব শেখ (২২)কে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করার পর তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সিহাব হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের নাজমুলের ছেলে সাইফুল ইসলাম শেখ ওরফে রসুল ওরফে পাইচো (২৫) গ্রেফতার করা হয়। এছাড়া তারা আরও একজন পলাতক আসামির নাম ও ঠিকানা জানায়, যা পুলিশের অনুসন্ধানের স্বার্থে প্রকাশ করা হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিহাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, আবির সাহার হত্যায় জড়িত সাইদুল ইসলাম শেখ এবং পলাতক অপর আসামী সবাই বন্ধু এবং মাদকের আসক্ত। তারা বিভিন্ন সময় একসাথে মাদক সেবন করত। ঘটনার দিন, ৩০ নভেম্বর, তারা আবিরকে ইয়াবা সেবনের প্রলোভন দেখিয়ে রিক্সা নিয়ে যাওয়ার জন্য ফাঁদে ফেলে। আবির গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া ফিরোজ খানের বাঁশ বাগানে রিক্সা রাখে। সেখানে আসামীরা ইয়াবা সেবন করে। এক পর্যায়ে পলাতক আসামী ব্যাটারি খুলতে গেলে আবির বাধা দেয়। এরপর পলাতক আসামী তার মুখ চেপে ধরে, জ্যাকেটের ফিতা দিয়ে গলায় প্যাচ লাগানো হয়। সিহাব হাত চেপে ধরে এবং সাইদুল ইসলাম শেখ পা চেপে ধরে আবিরকে শ্বাসরোধে হত্যা করে। পরে পলাতক আসামী ব্যাটারির এসিড ঢেলে আবিরের মুখ ঝলসে দেয় যাতে লাশ সনাক্ত করা যায় না।
পরবর্তীতে তারা রিক্সা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত রিক্সার যন্ত্রাংশ বিভিন্ন স্থানে বিক্রি করে টাকা ভাগ-বাটোরা করে নেয়। সিহাবের স্বীকারোক্তি অনুযায়ী, ছিনতাইকৃত রিক্সার দুটি ব্যাটারি ঘোষেরচর গ্রামের মুন্নাফ শেখের ছেলে টুলু শেখের ভ্যান থেকে উদ্ধার করা হয়। এখনো অপর পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান চলমান।
পুলিশ আরও জানায়, আবির সাহার লাশ নিখোঁজ হওয়ার সাত দিন পর, ৬ ডিসেম্বর, ঘোষেরচর উত্তরপাড়া ফিরোজ খানের বাঁশ বাগান থেকে উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই দিন রাতেই আবিরের মা অনিতা বালা গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
১০৮ বার পড়া হয়েছে