অনিক কুমার সাহা পেলেন প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পি.আর.এস) অ্যাওয়ার্ড
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট অনিক কুমার সাহা বাংলাদেশে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ সম্মানীয় অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পি.আর.এস) অর্জন করেছেন।
অ্যাওয়ার্ড অর্জনের খুশিতে গোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর অনিক কুমার সাহাকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাহবুবুল আলম আজ রোববার (১৫ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা রোভার নিবন্ধন পাওয়ার পর থেকে কেউ এ জেলার হয়ে এই সম্মানজনক অ্যাওয়ার্ড পাননি। এ বছর সারাদেশ থেকে মোট ৫ জন রোভার স্কাউট এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন, যার মধ্যে অনিক কুমার সাহা প্রথম হয়েছেন। দীর্ঘ সময় ধরে নানা ধাপ অতিক্রম করে তিনি এ অর্জনে পৌঁছেছেন। এই অ্যাওয়ার্ড বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি প্রদান করেন।
অনিক কুমার সাহা গোবিপ্রবি’র ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। তার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে সিজিপিএ ৩.৬৯/৪.০০ অর্জন করা ছাড়াও, ওই ব্যাচে তার মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া তার থিসিস পেপার থেকে ইতোমধ্যে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজেও সর্বোচ্চ অর্জন সম্ভব তা অনিক কুমার সাহা প্রমাণ করেছেন। এই অ্যাওয়ার্ড অর্জন সহজ নয়। দীর্ঘ সময়ের অধ্যবসায় (প্রায় ৪ বছর+) এবং লক্ষ্যভেদী শ্রম ও ত্যাগের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।
১০৮ বার পড়া হয়েছে