মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণ ও চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি ‘Prevention is better than cure’- অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম- এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে এ ধরনের রোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এছাড়াও প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।
সভায় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
১০৮ বার পড়া হয়েছে