ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহে বিএনপি জেলা শাখা শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে, যাতে তারা নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, তরু মুন্সীর হত্যার ঘটনায় কয়েকজন আসামী গ্রেফতার হলেও বাকিরা এখনও গ্রেফতার হয়নি। তারা অভিযোগ করেন, কিছু প্ররোচক হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে সরানোর চেষ্টা চালাচ্ছে। বিএনপি নেতারা অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামাল আজাদ পান্নু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মহিলা কর্মীদের বাক-বিতণ্ডা শুরু হলে, শেষ পর্যন্ত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে কৃষক দল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে রাত ৮ টার দিকে তিনি মারা যান। তরু মুন্সী গান্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে