ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি দারোগাবাড়ি এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের জমি ভুয়া দলিলের মাধ্যমে দখল করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন ছাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম। তারা দুজনই রুস্তম আলীর ছেলে।
অভিযোগ করেছেন একই এলাকার বাসিন্দা মো. হাফিজ উদ্দিন (পিতা: মৃত আব্দুর রহমান) ও ওসমান গনি (পিতা: আব্দুল মোন্নাস)।
অভিযোগকারী হাফিজ উদ্দিন জানান, গোহাইলকান্দি মৌজার উল্লিখিত জমির মূল মালিক ছিলেন চান্দা মন্ডল। তিনি মৃত্যুবরণ করলে তার ছেলে ইয়াছিন আলী মন্ডল ওয়ারিশ সূত্রে জমির মালিক হন এবং এস.এ. রেকর্ডে তার নামে অন্তর্ভুক্ত হয়। পরে ১৯৭৮ সালের ২৭ নভেম্বর ইয়াছিন আলী মন্ডল তার ছেলে আব্দুর রহমানকে ১৮৮৫৫ নম্বর হেবা বিল এওয়াজ দলিলের মাধ্যমে জমিটি প্রদান করেন।
তিনি আরও বলেন, ওই দলিল অনুযায়ী এস.এ. দাগ ২৮০, ২৮১ ও ২৮৭-এ মোট ৫২ শতাংশ জমি আব্দুর রহমান ভোগদখলে রাখেন। পরবর্তীতে বি.আর.এস রেকর্ডে ২৬১ নম্বর খতিয়ানে দাগ ২৩৯০ ও ২৩৯২-এ মোট ১৭৬৭ অযুতাংশ জমির বৈধ মালিক হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়।
আব্দুর রহমান মৃত্যুবরণ করলে তার স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে ওয়ারিশ হিসেবে জমির মালিক হন। পরে নামজারি মামলা নং ৬১৯৬ (IX-1) ১৮-১৯ এর আদেশ অনুযায়ী ৩৮৪৯ নম্বর খতিয়ানে ৩৮৫৬ নম্বর হোল্ডিং খোলা হয় এবং নিয়মিত খাজনা পরিশোধ করে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।
অভিযোগে বলা হয়, ছাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম জাল দলিলের মাধ্যমে দাগ ২৮০ ও ২৮১-এর প্রায় ৫ শতাংশ জমি দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন।
ভুক্তভোগীরা দাবি করেন, জমি ফেরত চাইতে গেলে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগীরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে অবৈধ দখল উচ্ছেদ করে তাদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সরকার ও দেশবাসীর কাছে এতিম ভাইবোনদের জমি উদ্ধারে সহযোগিতা কামনা করেছেন।
১২১ বার পড়া হয়েছে