চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ করেন সহকারী কমিশনার আশফাকুর রহমান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে একযোগে জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ লক্ষ্যে ১৫টি দল গঠন করে শহরের ১৫টি স্থানে অভিযান চালানো হবে। এছাড়া প্রতি সপ্তাহে একদিন করে এই অভিযান চলবে।
সভায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ জানান, ৪৮তম বিসিএসের মাধ্যমে ২৩ জন চিকিৎসক বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার বলেন, মশা নিধনের জন্য শহরের বিভিন্ন মহল্লায় স্প্রে কার্যক্রম চালানো হবে। পাশাপাশি শহরের সড়কগুলোতে আধুনিক লাইটিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসীন আলী, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৩৬ বার পড়া হয়েছে